সুনামগঞ্জে বাবা, স্ত্রী ও কন্যা সন্তানকে হত্যার দায়ে আলফু মিয়া (৪১) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই রায় দেন অতিরিক্ত দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী (এপিপি) অ্যাড. সৈয়দ জিয়াউল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর রাতে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের আলা উদ্দিনের ছেলে আলফু মিয়া পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী বিউটি বেগম ও কন্যা আফিফা বেগমকে মারধর করে। বিষয়টি দেখে তার বাবা আলা উদ্দিন তাকে শান্ত করতে তার ঘরে ঢুকলে বাবাকেও টিউবওয়েলের হাতল দিয়ে মারধর করে। পরে আলফু মিয়া তার বাবা আলা উদ্দিন, স্ত্রী ও শিশু কন্যাকে এলোপাতাড়ি মারধর করে। টিউবওয়েলের ভারি হাতলের আঘাতে গুরুতর আহত হয়ে বসত ঘরের ভেতরেই তিনজন নিহত হয়। পরে স্থানীয়রা আলফু মিয়াকে আটক করে পুলিশে দেন। পুলিশ নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং ঘটনার পরদিন নিহত আলা উদ্দিনের আরেক ছেলে শাহজাহান মিয়া বাদী হয়ে আলফু মিয়াকে আসামি করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত বৃহস্পতিবার আলফু মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন।