ঢাকার ধামরাইয়ে সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে
মানববন্ধন করেছেন এলাকাবাসীসহ সাংবাদিকরা। এ মানববন্ধনে অংশ নিয়েছিলেন শামসুজ্জামানের
মা করিমন নেছা। তবে তিনি মানববন্ধনে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারেননি, শুধু নীরবে কেঁদে
চোখের পানি ফেলেছেন।
আজ শনিবার (১ এপ্রিল) দুপুরে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায়
ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ মানববন্ধন করেন প্রায় শতাধিক এলাকাবাসী ও সাংবাদিকরা।
এসময় বক্তারা বলেন, শামসুজ্জামান দীর্ঘদিনের সাংবাদিকতা
ছিল গণমানুষের পক্ষে। সে সবসময় মানুষের কথা তুলে ধরেছে। তার পরিবারের বিরুদ্ধেও দেশবিরোধী
কোনো অভিযোগ নেই। তার ভাই দেশের জন্য প্রাণ দিয়েছে। অথচ, আজ একটা প্রতিবেদনের জন্য
তাকে মামলা দিয়ে কারাবন্দী করা হয়েছে।
স্থানীয় আরেক সাংবাদিক আহমাদ সোহান সিরাজি বলেন, যার বড়
ভাই রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন তার একমাত্র ছোট ভাইকে আজ
জোর করে রাষ্ট্রের শত্রু বানানো হচ্ছে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? তাকে যেভাবে
রাতের অন্ধকারে আইনশৃঙ্খলা বাহিনীর এত বড় টিম পাঠিয়ে ধরে নেয়া হলো তাতে মনে হয়েছে উনি
বিরাট কোন অপরাধী। উনি একজন মাঠপর্যায়ের সংবাদকর্মী হিসেবে শুধু গণমানুষের মুখের কথাই
তুলে ধরেছেন। আমরা তার নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল
নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—
শামসুজ্জামানের বড় ভাই রবিউল করিমের স্ত্রী সালমা, শামসুজ্জামানের মামাতো ভাই ফারুক
হোসেন, দিপ্ত টিভির সাভার প্রতিনিধি এমএ হালিম, সাংবাদিক আরিফুল ইসলাম সাব্বির, ধামরাই
রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, বণিক বার্তার সাভার প্রতিনিধি সোহেল রানা,
ঢাকা টাইমসের সাভার প্রতিনিধি আহমাদ সোহান সিরাজি।
একই দাবিতে দুপুরে ধামরাই প্রেসক্লাব ও আশুলিয়া রিপোর্টার'স ক্লাবের সাংবাদিকরাও মানববন্ধন করেছে।










