বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে পাটের ব্যবহার বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে। রোববার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, আগামী মাস থেকে সুপারশপগুলোতে পাটের ব্যাগ চালুর কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। তিনি বলেন, পাটের মোড়কের আইনের বাস্তবায়ন আরো আগেই শুরু হওয়া উচিত ছিল। তাহলে এতদিনে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যবহার আরো ব্যাপক হতো। পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে বহুমুখী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে।

এ সময় বাপা প্রতিনিধিদল পণ্য প্যাকেজিংয়ে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যবহার নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে। তারা পাটের ব্যাগের সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানান।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন তাদের দাবিগুলো শুনে বলেন, ‘আমরা আপনাদের দাবির বিষয়গুলো দেখবো। পাটজাত মোড়কের আইন বাস্তবায়ন যেন পণ্যের বাজারজাতকরণ বা রফতানিতে সমস্যা না সৃষ্টি করে, সেদিকে খেয়াল রাখা হবে।" তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।’

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ জানান, পাটের ব্যাগ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীজনদের সঙ্গে শীঘ্রই বৈঠক করা হবে। তিনি আরো বলেন, পাটকে বহুমুখী ও যুগোপযোগী করে ব্যবহার করার লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে।"

সাক্ষাতে বাপা সভাপতি এম এ হাশেম, সেক্রেটারি মো. ইকতাদুল হক, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।