জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২০ এ সভাপতি নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন ও সম্পাদক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মাদ আমজাদ হোসেন। অধ্যাপক ড. এ.এ মামুন আওয়ামী লীগের একাংশ নিয়ে গঠিত উপাচার্যপন্থী প্যানেল ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ এবং অধ্যাপক মোহাম্মাদ আমজাদ হোসেন আওয়ামী লীগের একাংশ, বিএনপি এবং বামপন্থীদের সমন্বয়ে গঠিত উপাচার্য বিরোধী প্যানেল ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম।
নির্বাচনে উপাচার্যপন্থী প্যানেল থেকে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান সহ-সভাপতি ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক মো. মোতাহার হোসেন কোষাধ্যক্ষ এবং উপাচার্য বিরোধী প্যানেল থেকে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে উপাচার্যপন্থী প্যানেল থেকে ইংরেজী বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মাহ্ফুজা খাতুন ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হুসাইন মো. সায়েম নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে সদস্যপদে নির্বাচিত উপাচার্য বিরোধী প্যানেলের প্রার্থীরা হলেন- প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুব কবির, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে সায়কা ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা।










