প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে সুন্দরবনের ৮ জেলেকে আটক করেছে বন অফিসের সদস্যরা। সাতক্ষীরা রেঞ্জের কালিরখাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোররাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালান বুড়িগোয়ালিনী স্টেশনের বনকর্মীরা। এ সময় সুন্দরবনের কালিরখাল এলাকা থেকে আটক করা হয় জেলেদের, জব্দ করা হয় তাদের সঙ্গে থাকা ৪টি নৌকা। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৩০০ কেজি কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

আটক জেলেরা হলেন, আব্দুল করিম, আল-মামুন ইসলাম, নজরুল ইসলাম, ইয়ারুল ইসলাম, নূর ইসলাম, আবু হাসান গাইন,  রবিউল ইসলাম ও শাজাহান আলী। তারা সবাই পজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ. কে. এম. ইকবাল হোসেন চৌধুরী জানান, প্রজনন মৌসুমে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে তাদের আটক করা হয়েছে। এরই মধ্যে তাদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।