নরসিংদীর পলাশ উপজেলায় নুরুল ইসলাম (৩২) নামে এক নির্মাণ শ্রমিক বিদ্যুত্স্পৃষ্টে মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুজন মিয়া (৩০) নামে আরেক নির্মাণ শ্রমিক। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘোড়াশাল বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নুরুল ইসলাম ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। অপরদিকে আহত সুজন মিয়া ঘোড়াশাল মিয়া পাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘোড়াশাল বাজার এলাকার সার ব্যবসায়ী মহিউদ্দিনের নির্মাণাধীন তিনতলা ভবনে কাজ করছিলেন ওই দুই নির্মাণ শ্রমিক। হঠাৎ করে ওই ভবনের পাশে বৈদ্যুতিক খুঁটির তারে রড লেগে তারা বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে আশঙ্কাজনক অবস্থায় সহকর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত সুজন মিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, বিদ্যুত্স্পৃষ্টে একজন নিহত ও একজন আহতের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।