খাগড়াছড়িতে উল্লেখযোগ্য পরিমাণ কেন্দ্রে ভোটারের উপস্থিতি
চোখে পড়েনি। জেলার ১৯৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১৯টিতে কোনো ভোট পড়েনি। তিন উপজেলার
এসব কেন্দ্রের মোট ভোটার ২১ হাজার ৩৮৪ জন।
ভোটার উপস্থিতি না থাকায় জেলার দীঘিনালার তিনটি, পানছড়ির ১১টি ও লক্ষ্মীছড়ি
উপজেলার পাঁচটি কেন্দ্রে শূন্য ভোট পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা,
জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, তৃণমূল বিএনপির প্রার্থী উশেপ্রু মারমা ও ন্যাশনাল
পিপলস পার্টির প্রার্থী মো. মোস্তফা।
দীঘিনালা উপজেলার তিন কেন্দ্রের বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানান, দুর্গম এলাকার এ তিন কেন্দ্রে কোনো
ভোটার ছিলেন না। তাই দিন শেষে শূন্য ভোট গণনা হয়েছে।
তবে বাকি ১৭৭টি কেন্দ্রে মোট ভোট পড়েছে দুই লাখ ৪৯ হাজার ৭৩৬টি। আর
মোট ভোটার ছিলেন পাঁচ লাখ ১৫ হাজার ৩৪৬ জন।
এর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা দুই লাখ
২০ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা তিনবার
জয়ী হলেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের মিথিলা রোয়াজা পেয়েছেন ১০ হাজার
৯৩৮ ভোট।
সকাল ৮টায় খাগড়াছড়ি সংসদীয় আসনের ১৯৬টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ
শুরু হয়। নির্বাচন চলাকালে জাল ভোট এবং স্থানীয় সংগঠন ইউপিডিএফের (প্রসীত-সমর্থিত)
বাঁধা ও ভয় ভীতির অভিযোগ উঠে।
আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ইউপিডিএফ কর্মীরা
ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিয়েছে।
অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা জাল ভোটের অভিযোগ করেন।
এর সত্যতাও পাওয়া গেছে। ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন কেন্দ্রে এ অভিযোগ ওঠে।
পানছড়িতে জাল ভোটের অপরাধে পাঁচজনকে আটক করা হয়। এর মধ্যে চারজনকে ৬ মাস করে কারাদণ্ড
দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।










