রাজধানী ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রতি বছরের মতো রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনেরও এতে অংশ নেয়ার কথা রয়েছে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে বলেন, ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর বিকেলে তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এদিকে গতকাল শনিবার সকালে জাতীয় ঈদগাহে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি ও সময়সূচি নিয়ে প্রেস ব্রিফিংয়ে জাতীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ঈদের জামাতে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস) প্রশাসক মো. শাহজাহান মিয়া। এছাড়া ৩৫ হাজার মুসল্লি এই ঈদ্গাহে ঈদের জামাতে অংশ নিতে পারবেন বলে জানান তিনি।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানায়, জাতীয় ঈদগাহ মাঠে এবার জামাত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া খারাপ হবে না বলেই পূর্বাভাস পাওয়া গেছে। তবে আবহাওয়া বৈরী হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত হবে।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। দেশের সরকারপ্রধান হিসেবে এটাই তার ও তার উপদেষ্টা পরিষদের প্রথম ঈদ।















