কিশোরগঞ্জের সদর থানার বত্রিশ এলাকার বাসিন্দা ও জেলার ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ইমাম মো. এমাদ উদ্দিন। তার সঙ্গে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের ক্যাপ্টেন পরিচয়ে জমি কেনার নামে সখ্য গড়ে তোলেন দিদারুল ইসলাম। দিদার এ সুবাদে ইমামের দুই সন্তানের একজনকে বাংলাদেশ ব্যাংক ও আরেকজনকে অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে হাতিয়ে নেন প্রায় ৪৩ লাখ টাকা। টাকা নেয়ার পরও চাকরি বা বিদেশে না পাঠানোয় প্রতারণার বিষয়টি বুঝতে পারেন ইমাম। পরে এ বিষয়ে রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ইমাম মো. এমাদ উদ্দিন।
মামলার তদন্তে নেমে প্রতারণার ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। তারা হলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দেয়া দিদারুল ইসলাম ও তার ভাগ্নি নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়া তাপসী রাবেয়া বসরি। দুজনই উচ্চ শিক্ষায় শিক্ষিত। মামা-ভাগ্নি মিলে দীর্ঘদিন ধরে চাকরি দেয়ার নামে প্রতারণা করে আসছিল। এমনকি তাদের হাতে পুলিশ সদস্যও প্রতারিত হয়েছেন।
গতকাল নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।










