বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আমিনুল ইসলাম (৫৭) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউতে মারা যান তিনি। তিনি আরডিএ বগুড়ায় ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি মহাপরিচালক হিসেবে যোগদান করেন।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক নুশরাত জাহান জানান, মহাপরিচালক ২৩ জুন তার কভিড পজিটিভ শনাক্ত হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ২৯ জুন তাকে রাজশাহী মেডিকেলের আইসিইউতে নেয়া হয়। শনিবার সকাল সাড়ে ৯টায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

সম্প্রতি তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ‘নিয়ন্ত্রণাধীন দপ্তর বা সংস্থা’ কাটাগরিতে ‘শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০’ অর্জন করেন।

পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুস সামাদ জানান, সদ্য প্রয়াত পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আমিনুল ইসলামকে তার গ্রামের বাড়ি পাবনা জেলার হেমায়েতপুরে শনিবার বিকেলে দাফন করা হয়। আরডিএ বগুড়ার সকল কর্মকর্তা, কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আমিনুল ইসলাম ৮ম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর যোগদান করেন। সুদীর্ঘ চাকরি জীবনে সরকারের বিভিন্ন প্রশাসনিক কর্মজীবন পালন করেন। তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সমানভাবে সক্রিয় ছিলেন। তিনি সামাজিক আন্দোলন স্কাউটিং কার্যক্রমের সাথে নিবিড়ভাবে যুক্ত। তিনি স্কাউটস এর একজন লিডার ট্রেনার। তিনি বিগত পাঁচ বছর যাবত বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের আঞ্চলিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি স্কাউটসের ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড, মেডেল অব মেরিট, বার টু দ্যা মেডেল, প্রধান জাতীয় কমিশনার অ্যাওয়ার্ড অর্জন করেছেন এবং রৌপ্য ইলিশ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন।