চট্টগ্রামের ডবলমুরিং থানার বারিক বিল্ডিং মোড়ে পুলিশের অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে দুই উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— এসআই মো. জামিল ও এসআই মো. নজরুল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (পশ্চিম) মোহাম্মদ হোসাইন কবির বলেন, ডাকাতদের ছুরিকাঘাতে দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে তিনজন ডাকাতকে আটক করা হয়েছে। মোট ছয়জন ডাকাত ছিল। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কিছু টাকা-পয়সা ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।