স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, কোরিয়ার সঙ্গে জয়েন্ট রিসার্চ করা যেতে পারে। জনবহুল দেশ হওয়ায় বাংলাদেশ হলো গোল্ডেন মাইন ফর রিসার্চ। বিশেষ করে মলিক্যুলার লেভেল অব দ্য ক্যান্সার রিসার্চের জন্য।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ-কোরিয়া যৌথ উদ্যোগে রিসার্চ কার্য পরিচালনা প্রসঙ্গে এ কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন আরো বলেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য প্রাইভেট হাসপাতালগুলোকে ইউনিভার্সেল হেলথ্ কেয়ারে অন্তর্ভুক্তিকরণ প্রয়োজন। তিনি জরুরি রেসপন্স, ডিজাস্টার ম্যানেজমেন্টসহ, জয়েন্ট রিসার্চ চালুতে কোরিয়ার সহযোগিতা এবং মধ্য আয়ের মানুষের জন্য কোরিয়ার সহযোগিতায় আগারগাঁওয়ে ১০০০ শয্যাবিশিষ্ট সুপার স্পেশাল হসপিটাল নির্মাণ উদ্যোগ গ্রহণকে স্বাগত জানান। পাশাপাশি জাপানের মতো কোরিয়ায়ও বাংলাদেশী নার্স প্রেরণের ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন৷। মন্ত্রী বলেন, জাপানে ইতোমধ্যে ২৫ জন নার্স পাঠানো হয়েছে। আরো ৫০ জন নার্স যাবেন।

এ সময় পার্ক ইয়ং-সিক কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রশংসা করেন৷ তিনি স্বাস্থ্য খাতে বাংলাদেশ-কোরিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷।