নড়াইল জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া হিসাবে জেলা ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯ জনই স্বাস্থ্যকর্মী, শতকরা হিসাবে যা মোট আক্রান্তের ৬৯ শতাংশ।

নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, যশোর ল্যাবে এ পর্যন্ত  জেলার মোট ২১৩টি নমুনা পাঠানো হয়েছিল, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ৯৬টির রিপোর্ট পাওয়া গেছে, যার মধ্যে ১৩টির ফলাফল পজেটিভ এসেছে। 

এই ১৩ জনের মধ্যে নড়াইল সদর ও লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সাতজন চিকিৎসক ও দুজন কর্মচারী রয়েছেন। বাকি চারজন স্বাস্থ্য বিভাগের বাইরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ডা. আব্দুল মোমেন বলেন, নড়াইলে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি লোহাগড়ার বাসিন্দা সৈয়দ সুজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাকিরা মোটামুটি ভালো আছেন। নিজ নিজ বাড়িতেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।