সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। তবে দুশ্চিন্তায় রয়েছেন টাঙ্গাইলের বন্যা কবলিত ৪৬৩ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
ঘোষিত তারিখেই সন্তানদের স্কুলে পাঠাতে চান অভিভাবকরা। তবে, জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্যার পানিতে তলিয়ে আছে। তাই আদৌ রোববার ক্লাস শুরু করা যাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
শিক্ষা অফিস সূত্র জানায়, জেলায় ১ হাজার ৬২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে। এর মধ্যে ৩৩২টি বিদ্যালয় মাঠে ও ৩৪টি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি আছে। এ ছাড়া গত জুলাই মাসে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়া মাধ্যমিক পর্যায়ে ১ হাজার ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির মাঠে ও শ্রেণিকক্ষে পানি রয়েছে।
কালিহাতী উপজেলার হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভিন জানান, তাদের স্কুলে বন্যার পানি প্রবশে করলেও নেমে গেছে। নির্দিষ্ট সময়েই স্কুল খোলার প্রস্তুতি নিচ্ছেন তারা।
এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম বলেন, আশা করছি নির্ধারিত সময়েই প্রতিটি স্কুলে পাঠদান শুরু করা যাবে। সে লক্ষ্যে আমরা কাজ করছি।










