তিনি বলেন, ‘বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াত না দেখে সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দোষীদের আইনের আওতায় আনতে হবে, তারা যে দলের বা যে মতের হোক না কেন।’
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল বিকালে ফরিদপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের যে সরকার গঠিত হয়েছে, সেটি জনগণের সরকার। জনগণের সেবা করাই আমাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য। এ কারণে আপনাদের সবাইকে জনগণের হয়ে কাজ করতে হবে।’
এ সময় তিনি প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
সভায় মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণ জোরদার, ফরিদপুর-ভাঙ্গা আঞ্চলিক সড়ক চার লেনে উন্নীতকরণ, নদীভাঙনসহ জেলার বিভিন্ন উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।









