সিলেটে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আলবাব হোসেন বুথে টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের এটিএম অফিসার হিসেবে কর্মরত। তিনি বুথে চুরির ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। গতকাল দুপুরে তাকে নগরের শিবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, ২৭ অক্টোবর বুথে টাকা আপলোড করা হয়। কিন্তু ৩০ অক্টোবর বুথে ২৬ লাখ ৩২ হাজার টাকা গরমিল দেখা যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ২৮ অক্টোবর রাত ১১টা ৫৫ থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক পরে দুই-তিন ব্যক্তি ব্যাংকের বুথের ভল্ট খুলে টাকা চুরি করে নিয়ে যায়। অজ্ঞাতনামা দুই-তিন ব্যক্তিসহ কোম্পানির এটিএম অফিসার আলবাব হোসেন ও আমিনুল হক ঘটনার সঙ্গে জড়িত আছেন বলে মামলায় উল্লেখ করা হয়। এর আগে গতকাল সুবিদ বাজারের ডাচ-বাংলা ব্যাংকের বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির অভিযোগে বিমানবন্দর থানায় মামলা হয়। সিকিউরেক্স প্রাইভেট লিমিটেড সিলেটের এটিএম ইনচার্জ সন্দীপন দাস বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সিকিউরেক্স কোম্পানির দুই এটিএম অফিসারকে আসামি করা হয়।