নেত্রকোনার মদনে বজ্রপাতে এক শিশুসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বিজয়াইল হাওরে বজ্রপাতের ঘটনা ঘটে। এ ছাড়াও খালিয়াজুরি উপজেলার ইছাপুর ও খালিয়াজুরি গ্রামে সকালে দুই কৃষকের দুটি (গবাদিপশু) গরু মারা যায়।
নিহত কৃষক ইয়াহিয়া (২৫) উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগরিয়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে এবং নিহত রায়হান শিশু (৯) একই গ্রামের সেলিম মিয়ার ছেলে।
এ সময় বজ্রপাতে আহত আরো ৩ জন টিপন (২৭), ইসলাম (২২) ও দুর্জয়কে (৯) মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, চলমান করোনা প্রাদুর্ভাবে বোরো ফসল কাটতে শ্রমিক সংকট থাকায় শনিবার সকালে গোবিন্দশ্রী গ্রামের সামনের বিজয়াইল হাওরে ধান কাটতে যায় ইয়াহিয়াসহ বাকী আহতরা।
সকালের খাবারের সময় হলে বাবা সেলিম মিয়ার জন্য ভাত নিয়ে হাওরে যায় শিশু রায়হান। তখন মেঘলা আকাশে হঠাৎবজ্রপাতে ইয়াহিয়া, রায়হান, টিপন, ইসলাম ও দুর্জয় আহত হলে এলাকার লোকজন তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎক ডাক্তার ইমি আক্তার ইয়াহিয়াকে মৃত ঘোষণা করেন। শিশু রায়হান ঘটনাস্থলে মারা যায় বলে নিশ্চিত করেছেন তার বাবা সেলিম মিয়া।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে গোবিন্দশ্রী হাওরে বজ্রপাতের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।










