কুড়িগ্রামের রৌমারীতে গাছচাপায় আব্দুল্লাহ আল নোমান রাব্বি (১২)  নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের পাখিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র ওই ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের শাহ আলমের ছেলে ও চর শৌলমারী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নানাবাড়ি (বাইটকামারী) থেকে বিদ্যালয়ের উদ্দেশে বাইসাইকেলযোগে রওনা হয় রাব্বি। এ সময় পাখিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে গাছ কাটতে থাকা কাঠুরিয়াদের একটি গাছ আকস্মিকভাবে তার ওপর পড়ে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে পুলিশ। আটকৃতরা হলেন উপজেলার চর শৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রামের দানেজ উদ্দিনের ছেলে খাদেম আলী (৩০), পূর্ব খেদাইমারী গ্রামের আক্তার আলীর ছেলে মাইদুল ইসলাম (৩৮) ও একই গ্রামের মজিবর রহমানের ছেলে কামাল হোসেন (৩৪)।

রৌমারী থানার এসআই এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।