সারা দেশে গত ২৪ ঘণ্টায় যশোরের সামান্য বৃষ্টি ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি। মঙ্গলবার (৯ এপ্রিল) দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে গরম বেড়ে তাপমাত্রা নতুন নতুন অঞ্চলের ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা বেড়ে ফের ৪০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে বলেও জানান তিনি।
বুধবার ও বৃহস্পতিবারও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ।










