মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে কক্সবাজারের আদালত।
বুধবার (৯ জুলাই) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ রোহিঙ্গা ক্যাম্পে চার খুনের একটি মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী জানিয়েছেন, ২০২০ সালের রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর ফোর-মার্ডারের মামলায় এজাহারভুক্ত আসামি আরসাপ্রধান আতাউল্লাহ জুনুনি। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে এদিন সকালে কঠোর নিরাপত্তায় জুনুনিকে আনা হয় আদালত প্রাঙ্গণে। আদালতের কার্যক্রম শেষে তাকে আবারও কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়।
চলতি বছরের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসাপ্রধান আতাউল্লাহ জুনুনিসহ ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব।
আদালত থেকে পাওয়া তথ্যমতে, ২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংর্ঘষে চারজনের মৃত্যু হয়েছিল। ওই মামলার এজাহারভুক্ত আসামি আতাউল্লাহ। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তে রয়েছে।















