কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলার ভাঙনকবলিত এলাকার মেরামতকাজ গতকাল পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক বজলুর রশিদ। এ সময় তার সঙ্গে ছিলেন পাউবোর পশ্চিমাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, উত্তারাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আমিরুল হক ভূঁইয়া, রংপুর সার্কেল-১-এর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ অন্য কর্মকর্তারা।
পরিদর্শন শেষে সদর উপজেলার ধরলা নদীর মোগলবাসা ঘাটে তিস্তার চলমান ভাঙনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাউবোর মহাপরিচালক বজলুর রশিদ বলেন, ইমারজেন্সি ওয়ার্কের ফান্ড দিয়ে স্থায়ীভাবে তিস্তার ব্যাপক ভাঙন রোধ সম্ভব নয়। তবু আমরা ভাঙন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছি।










