মেহেরপুর-১ আসনের বিভিন্ন
গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতার বেশকিছু ঘটনা ঘটেছে। পরাজিত প্রার্থীর সমর্থক ও আওয়ামী লীগ
নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাংচুর, মারধর করা হচ্ছে। এ সহিংসতা বন্ধ
না হলে আওয়ামী লীগের মধ্যেই গৃহযুদ্ধ শুরু হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মেহেরপুর-১ আসনে পরাজিত
স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী
লীগের সদস্য প্রফেসর আব্দুল মান্নান। গতকাল দুপুরে মেহেরপুর শহরের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আব্দুল মান্নান বলেন, ‘গত সোমবার রাতে বাগোয়ান গ্রামে সংঘর্ষসহ বিভিন্ন গ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। বিজয়ী প্রার্থী ফরহাদ হোসেন এখনো জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তাই সহিংসতা দমনে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে পুলিশ।’










