বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা ও দাফন আজ। তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে।
লন্ডন থেকে আজ সকালে দেশে পৌঁছবে খালিদীর মরদেহ। পরে কফিন নেয়া হবে তার বাসায়। সেখানে পরিবারের সদস্য ও স্বজনরা শেষবার তাকে দেখবেন। বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে ওল্ড ডিওএইচএস মাঠে। বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। বেলা ৩টায় সেখানেই তার জানাজা হবে। বিকাল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন খালিদী।
ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা খালিদী ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান, তার মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে খালিদীর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক সহকর্মী ও স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।










