ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অষ্টম দিনে নির্বাচন কমিশন (ইসি) থেকে বিএনপির ৫৪ মনোনয়নপ্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেনের কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, আট দিনে মোট ৩৭৫ জন নারী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৩৭৩ জনই বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে তালিকাভুক্ত। এছাড়া বাংলাদেশ খেলাফতে মজলিসের পক্ষে একজন প্রার্থী মনোনয়ন নিয়েছেন।

অন্যদিকে, জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে ১৩টি মনোনয়ন ফরম সংগ্রহ করলেও তা এককভাবে তালিকাভুক্ত হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২১ এপ্রিল। যাচাই-বাছাই করা হবে ২২ ও ২৩ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ সময় ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।