বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত এবং আহত হয়েছেন প্রায় ২১ জন।
শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে শেরপুরের রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮) ও হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামানিকের ছেলে হানিফ উদ্দিন (৩৬)।
বগুড়ার শেরপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, একটি ট্রাক বগুড়ার ধুনট থেকে শেরপুরে যাচ্ছিল। পথে রনবীরবালা বশীর পাগলা মাজারের কাছে রাস্তার দাঁড়িয়ে থাকা হানিফ নামের একজনকে চাপা দেয় ট্রাকটি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ গজ দূরে যাত্রীবাহী একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও ভটভটি উল্টে গিয়ে পথচারী হানিফ ও ভটভটিতে থাকা হারুন অর রশিদ ঘটনাস্থলেই নিহত হন। আর ভটভটিতে থাকা শ্রমিকদের মধ্যে ২১ জন আহত হন।
আহত শ্রমিক হারান জানান, তারা সকালে ঝাজর এলাকা থেকে ভটভটিতে ১৭ জন নারী ও ৫ জন পুরুষ আলু তোলার কাজে শেরপুর উপজেলার কুসুম্বি যাচ্ছিলেন। এ সময় রনবীরবালা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনাটি ঘটে।
বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জনান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে ও থানা পুলিশ উদ্ধার করেছে।















