চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ভোটকেন্দ্রগুলোয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক অংশগ্রহণই প্রমাণ করে যে জনগণ নির্ভয়ে ও নিঃসংকোচে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম-১৬ (বাঁশখালি) আসনের বানীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে এসব কথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসার।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সকাল থেকেই রাইট টাইমে ভোটগ্রহণ শুরু হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্র থেকে সার্বিক পরিস্থিতির খোঁজ নেয়া হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটকেন্দ্রগুলোয় মানুষের যে ঢল নেমেছে, তাতে কোনো দুষ্কৃতিকারী নাশকতার চেষ্টা করলে জনগণই তাদের প্রতিহত করবে। আইনশৃঙ্খলা বাহিনী তো আছেই। তবে মানুষের উপস্থিতি ও সচেতনতা সবচেয়ে বড় শক্তি।

ডিসি আরো বলেন, কিছু উপজেলা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে বাড়তি নজরদারি রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়নি।

ভোটের হার সম্পর্কে তিনি জানান, প্রথম দুই ঘণ্টায় কয়েকটি কেন্দ্রে প্রায় বেশ ভালোই ভোট পড়েছে। কিছু কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে, যেখানে ভোটগ্রহণের হার আরো বেশি হতে পারে। সার্বিকভাবে চট্টগ্রামে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফ উদ্দিন, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খানসহ অনান্যরা উপস্থিত ছিলেন।