বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের শূন্যরেখা পরিদর্শন করেছেন। গতকাল দুপুরে তিনি বাংলাবান্ধা শূন্যরেখায় এলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি জয় সিংসহ বিএসএফের কর্মকর্তারা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তার আগে বিএসএফ বিজিবি মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বিজিবির মহাপরিচালক সাংবাদিকদের বলেন, ‘আমি দেশের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করছি। এর ধারাবাহিকতায় বাংলাবান্ধা আইসিপিতে আসা। এখান দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আমাদের দেশের বিভিন্ন পণ্য আমাদানি-রফতানি হয়। এজন্য বাংলাবান্ধা দেশের একটি গুরুত্বপূর্ণ আইসিপি। এখানে আমরা বিজিবি ও বিএসএফ খুব ক্লোজলি কাজ করি।’
এর আগে বিজিবি মহাপরিচালক ঠাকুরগাঁও সেক্টর, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন, ঠাকুরগাঁও বর্ডার গার্ড হাসপাতাল ও পঞ্চগড় ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন। এ সময় তিনি কোয়াটার গার্ডে সালাম গ্রহণ, বৃক্ষরোপণ, অপারেশনাল ব্রিফিং গ্রহণ এবং সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের অধীন মাগুরমারী বিওপি পরিদর্শন করেন এবং বিজিবি সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।










