লক্ষ্মীপুরে মাঝরাতে সাইফ মোহাম্মদ আলী (২১) নামে এক শিক্ষার্থীকে পুলিশ আটক করে। ছেলেকে আটকের মানসিক চাপ সহ্য করতে না পেরে বাবা মো. সামছুল আলম মামুন (৫০) মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা গেছেন বলে দাবি ওই শিক্ষার্থীর পরিবারের। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত ১টার দিকে পৌর শহরের কালুহাজী সড়কের তাহের মাস্টারের বাড়িতে। গতকাল দুপুরে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে ওই শিক্ষার্থীসহ পাঁচজনকে আদালতে পাঠায় সদর থানা পুলিশ। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি মো. ইয়াসিন ফারুক মজুমদার।
সাইফ মোহাম্মদ আলী লক্ষ্মীপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তার বাবা মুদি দোকানি এবং মা তাহমিনা আক্তার নাসরিন একটি কিন্ডারগার্টেনের শিক্ষক। কোটা সংস্কার দাবিতে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে সেও একজন।
সাইফের পরিবারের অভিযোগ, সাইফ মোহাম্মদ আলীকে আটক করে নিয়ে যাওয়ার সময় বাবা সামছুল আলম মামুন বাধা দেন এবং ছেলের বিরুদ্ধে কোনো মামলা ও ওয়ারেন্ট আছে কিনা পুলিশের কাছে জানতে চান। তবে পুলিশ কোনো উত্তর না দিয়ে সাইফকে আটক করে নিয়ে যায়। এ সময় অচেতন হয়ে পড়েন সামছুল আলম মামুন। পরে স্বজনরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ‘নাশকতা ও বিস্ফোরক মামলায় সাইফ মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। তার বাবার মৃত্যুর বিষয়টি সকালে শুনেছি। সহিংসতা ও নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। সাইফ ছাড়াও আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে।’










