মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, ‘প্রান্তিক পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে। সমাজের সব পর্যায়ের সম উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।’
গতকাল গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় পাচুয়া বর্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রায় ২ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে সিংহশ্রী সদর হেডকোয়ার্টার থেকে সোহাগপুর অভিমুখী পাকা রাস্তা এবং পাচুয়া বিডিআর মোড় থেকে পাচুয়া উচ্চ বিদ্যালয় অভিমুখী পাকা রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় দুটি পাকা সড়ক, দ্বিতলবিশিষ্ট একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কাপাসিয়া উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এদিন বিকালে ৫৫ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে দ্বিতলবিশিষ্ট পাচুয়া বর্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ২ কোটি ৫৯ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত কাপাসিয়া উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। একই দিনে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানা ও ছয়টি জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৮ লাখ ৬৪ হাজার টাকার অনুদান বিতরণ করেন প্রতিমন্ত্রী।










