চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে এক কিশোরীসহ ৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের আটক করেছে ১৬ বিজিবি।
রোববার সকালে বিভিষণ সীমান্তে লালমাটি খাড়ির ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার জামিল ডারা গ্রামের কামরুল লস্কর (৪৬), তার স্ত্রী লিপি লস্কর (৪০), ছেলে সাদ্দাম লস্কর (২২), মেয়ে ফিরোজা (১৬) এবং বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কাটা দূরে গ্রামের হায়দার সরদার (২৩)।
লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, আটককৃতরা ভারতের বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে ফিরছিলেন। রোববার সকালে সীমান্ত পিলার ২১৯/৭১-আর হতে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি খাড়ির ঘাট এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বিজিবির টহল দল তাদের আটক করে। পরে তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, অবৈধভাবে দেশে ফেরার পথে পাঁচ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে কোন মামলা না থাকলে পরিবারের কাছে হস্তান্ত করা হবে।










