স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সর্বজনীন স্বাস্থ্যসেবা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) একটি লক্ষ্য। এসডিজি অর্জন করতে স্বাস্থ্য বিভাগে নতুন নতুন কর্মসূচি চালু করা হয়েছে। এরই অংশ হিসেবে মানিকগঞ্জসহ দেশের আরো ছয়টি জেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসডি) চালু করা হয়েছে। এতে প্রায় ১৫ লাখ পরিবারে ৬০ লাখ মানুষ এ স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় আসবে।
গতকাল মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্প্রসারিত স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) উদ্বোধন উপলক্ষে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রতি পরিবারকে একটি স্বাস্থ্যসেবার কার্ড দেয়া হবে। এ কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায় প্রত্যেকেই বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও যাতায়াত খরচ পাবে। নিজের পকেট থেকে মাত্র ৩৬ টাকা খরচ হবে। বাকি টাকা সরকার দেবে। প্রতি পরিবারের স্বাস্থ্যসেবায় বছরে ৫০ হাজার টাকা ব্যয় করবে সরকার। পর্যায়ক্রমে সারা দেশেই এ স্বাস্থ্যসেবা চালু করা হবে।’
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় অতিদরিদ্র পরিবারের সব সদস্যকে প্রতি বছর বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে। বেশ কয়েক বছর আগে টাঙ্গাইলে এর পাইলট প্রকল্প শুরু হয়েছিল। এ প্রকল্পটি আরো ছয়টি জেলায় চালু হবে। তার মধ্যে সর্বপ্রথম মানিকগঞ্জে উদ্বোধন করা হলো। মানিকগঞ্জের সাতটি উপজেলার দেড় লাখ পরিবারকে প্রতি বছর ৫০ হাজার টাকার প্যাকেজে বিভিন্ন রোগের চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হবে। প্রথমে এমন ব্যবস্থা সরকারি হাসপাতালে করা হলেও পরে বেসরকারি হাসপাতালগুলোকে এর আওতায় নিয়ে আসা হবে।’
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, যুগ্মসচিব মো. হেলাল হোসেন, এনডিসি মহাপরিচালক সাহান আরা বানু, অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানা, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।










