সারাদেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা অনুযায়ী রোববার (৩ নভেম্বর) এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয় , অভিযানে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এদিন নিষিদ্ধ পলিথিন মজুত ও বাজারজাত করায় দায়ে মোট ১৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ২৬টি প্রতিষ্ঠান থেকে মোট এক লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ১টি ট্রাক এবং ৭৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়।

বাংলাদেশ সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, অবৈধ ব্যাটারি ভাঙা এবং সীসা গলানো কারখানার বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেয়া হবে। পরিবেশ দূষণ রোধে সরকার ধারাবাহিকভাবে পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশ্বাস দেন তিনি ।