বগুড়ায় প্রথম শনাক্ত হওয়া নভেল করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে রংপুরে নিজ বাড়িতে ফিরে গেছেন। গতকাল বেলা ১১টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন কেন্দ্র থেকে তিনি বাড়ি ফিরে যান। এ সময় চিকিৎসকরা তাকে ফুল উপহার দিয়ে বিদায় জানান।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে ট্রাকে উঠে গত ২৯ মার্চ নিজ বাড়ি রংপুরে ফিরছিলেন ওই ব্যক্তি। ফেরার পথে ট্রাকে তার কাশি ও শ্বাসকষ্ট দেখে করোনা আক্রান্ত সন্দেহে ট্রাকচালক তাকে বগুড়ার মহাস্থানগড় এলাকায় ফেলে দিয়ে চলে যায়। পরে পুলিশের সহায়তায় তাকে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার উপসর্গ দেখে ৩০ মার্চ তাকে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তার শরীরে নভেল করোনাভাইরাস পাওয়া যায়।
মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল জানান, বগুড়ায় শনাক্ত হওয়া প্রথম করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় আমরা আনন্দিত। তবে তাকে ছাড়পত্র দিয়ে ছেড়ে দেয়ার সময় সামাজিক দূরত্ব মেনে চলার জন্য বলা হয়েছে। আর বাকি যারা আছেন তাদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।










