রাজশাহীর গোদাগাড়ীতে ধানখেতে সেচের পানি না পেয়ে দুই কৃষকের আত্মহননের ঘটনার তদন্ত শুরু করেছে কৃষি মন্ত্রণালয়। গতকাল সরেজমিন তদন্তে গোদাগাড়ীর ঈশ্বরীপুর এলাকায় যায় কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। চার সদস্যের ওই কমিটির নেতৃত্ব দিচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখার যুগ্ম সচিব আবু জুবাইর হোসেন বাবুল। কমিটির অন্য সদস্যরা হলেন রাজশাহী জেলা প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শরিফুল হক, বিএডিসির নাটোর জেলার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও বিএমডিএর নওগাঁ জেলার নির্বাহী প্রকৌশলী সমশের আলী। কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির ঘটনাস্থলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নজরে এলে গত  ২৭ মার্চ তদন্ত কমিটি গঠন করে কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত ওই অফিস আদেশে কৃষক দুজনের মৃত্যুর কারণ এবং সেচের পানি সময়মতো না পাওয়ার কারণ উদঘাটন করে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

দুই কৃষকের আত্মহত্যার বিষয়টি তদন্ত করছে বিএমডিএ। তিন সদস্যের এই তদন্তকারী দলের নেতৃত্ব দিচ্ছেন বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) নাজিরুল ইসলাম। কয়েক দফা চেষ্টা করেও এ কমিটির তদন্তের অগ্রগতি জানা যায়নি।