সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাসচালকের সহযোগী (হেলপার) রশিদ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বুরাইয়ারগাঁও থেকে তাকে গ্রেফতার করে সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা দিরাইগামী একটি যাত্রীবাহী বাসে করে আসছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরশহরের সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান। কোনো যাত্রী না থাকায় বাসের চালক ও সহযোগী মিলে তাকে উত্ত্যক্ত করতে থাকে।  এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। সম্ভ্রম বাঁচতে বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী। গ্রামবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিত্সক তাকে উন্নত চিকিত্সার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।  

এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বাসের চালক-হেলপারসহ তিনজের বিরুদ্ধে মামলা দায়ের করেন।  ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। 

হেলপারকে গ্রেফতারের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটে সংবাদ সম্মেলন করবে বলে জানা গেছে।