মেহেরপুর সদর উপজেলায় পদ্মফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার মসুরভাজা বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত চার শিশু সম্পর্কে চাচাতো বোন।
ওই শিশুরা হলো রাজনগর গ্রামের আব্দুস সামাদের মেয়ে ফাতেমা (১৪) ও আফিয়া (১০), সামাদের আপন ভাই সাহারুল ইসলামের মেয়ে মিম (১৪) ও সামাদের চাচাতো ভাই ইছারুল ইসলামের মেয়ে আলেয়া (১০)। নিহত আফিয়া ও মিম স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল এবং আফিয়া ও আলেয়া পড়ত অন্য একটি স্কুলের চতুর্থ শ্রেণীতে।
স্থানীয়রা জানান, ওই চারজন একসঙ্গে মসুরভাজা বিলে পদ্মফুল তুলতে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বিলের পানিতে ভাসমান অবস্থায় তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অন্য শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এদিকে একই পরিবারের চারজনের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির প্রতি সহানুভূতি জানানো হয়েছে। তারা জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে স্থানীয় জলাশয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।










