দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৮৯ জন। যা একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ। এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৯৮৪ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। বাকি একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। আর আক্রান্তদের মধ্যে ২০৯ জন ঢাকা উত্তর সিটির ও ১৪৬ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। এছাড়া ঢাকা বিভাগে ৪১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৭২ জন, বরিশাল বিভাগে ১২৩ জন, খুলনা বিভাগে ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে ৯৬ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।