বাগেরহাটের মোরেলগঞ্জে ভ্যানচালকের ছুরিকাঘাতে আল ইমরান (২৫) নামের এক অটোচালক নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) রাত ৮টার দিকে মোরেলগঞ্জ উপজেলার আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল ইমরান পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চরনী পত্তাশী গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, তুচ্ছ ঘটনায় বাক বিতণ্ডার এক পর্যায়ে ভ্যানচালক ফাহাদ অটো চালকের পেটে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভ্যান চালককে আটকের জন্য অভিযান শুরু করেছি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।