বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি যে একটি সুশৃঙ্খল দল সে বার্তা মানুষের কাছে পৌঁছাতে হবে। সবার কাজ এক হবে না। কেউ বাড়ি বাড়ি যাবেন, কেউ লিফলেট বিতরণ করবেন। কেউ এজেন্টে থাকবেন, কেউ প্রচারণা করবেন। সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের কাজে কোনো ভেদাভেদ থাকতে পারবে না। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজে অংশ নেবেন। অতীতে কার সঙ্গে কী হয়েছিল, কে কি করেছিল সব ভুলে যেতে হবে। সুশৃঙ্খলভাবে সকলে কাজ করতে হবে। মানুষের বাড়ি বাড়ি যাবেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ বাসভবনে চট্টগ্রাম-১০ নির্বাচনী আসনের ৮ ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভিন্ন ভিন্ন কৌশলে এবার নির্বাচনী কাজ করতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। বিএনপি জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়ে এ নির্বাচনে বিএনপি বিজয়ী হবে, ইনশাল্লাহ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম, কাজী বেলাল, মনজুর আলম, মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন।