কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের কৃষি ও সংস্থার প্রতিনিধিদল। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়টির কার্যালয়ে বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি ড. জিয়াওকুন শি’র নেতৃত্বে প্রতিনিধিদলটি সাক্ষাৎ করেন।
শুরুতে মন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানান। ড. জিয়াওকুন শি সংস্থাটির মহাপরিচালকের পক্ষে মন্ত্রীকে শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন এবং অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে দেশের কৃষি, মৎস ও প্রাণিসম্পদ খাতে অগ্রগতি ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রী দেশের কৃষিখাত নিয়ে বর্তমান সরকারের অগ্রাধিকারে থাকা বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, রফতানি, কৃষিভিত্তিক অর্থনীতির ভিত মজবুতকরণে এফএও’র যেকোনো সহযোগিতাকে স্বাগত জানাবেন বলে মন্ত্রী প্রতিনিধিদলকে অবহিত করেন।
ড. শি তার সংস্থা কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ, বাণিজ্যিকভাবে মৎস্য চাষে তার সংস্থা কাজ করছে বলে জানান।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ ছিলেন।










