সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে বর্তমান সরকার। এ সরকারের অঙ্গীকার অনুযায়ী সারা দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ চলছে, এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা ও নগরপাড়া বালু সেতু পরিদর্শন শেষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নির্মাণাধীন কায়েতপাড়া-নগরপাড়া এবং রূপগঞ্জ-ইছাপুরা ব্রিজ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এ সেতু দুটি। তবে বিভিন্ন কারণে প্রকল্পের বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু বর্তমান সরকার চায় দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন পৌঁছে দিতে।
মন্ত্রী আরো বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেতু দুটির নির্মাণকাজ দ্রুত সম্পন্নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু বলেন, সেতু দুটি চালু হলে এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। এতে সময় ও ব্যয় কমার পাশাপাশি কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, নগরপাড়া সেতু চালু হলে ঢাকা থেকে রূপগঞ্জ এবং সিলেটগামী যানবাহনের চলাচল আরও সহজ ও দ্রুত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, এসএম জিলানী, সংসদ সদস্য গোপালগঞ্জ -৩, এস এম জাহাঙ্গীর হোসেন, সংসদ সদস্য ঢাকা- ১৮, মুন্সী রফিকুল আলম মজনু, সংসদ সদস্য ফেনী -১, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, সংসদ সদস্য নারায়ণগঞ্জ-১, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রীসহ অতিথিরা তারাবো পৌর অডিটোরিয়ামে ভ্যান ও ছাগল বিতরণ করেন।










