আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী দুই বছরের মধ্যে দিনাজপুরে হাই-টেক পার্ক নির্মাণকাজ শুরু করা হবে। গতকাল সকালে দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এর আগে সকাল ১০টায় আইসিটি প্রতিমন্ত্রী কলেজ প্রাঙ্গণে ১০০ কোটি টাকা ব্যয়ে দুই একর জমিতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১ জেলা) প্রকল্পের পরিচালক এ কে এম আব্দুল্লাহ্ খান, দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত পুলিশ সুপার সচীন চাকমা, লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের পরিচালক মো. হুমায়ূন কবীর, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক এবং দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ।










