ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ডেঙ্গু প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে। ডিএসসিসির উদ্যোগে মসজিদে সচেতনতা সভা ও স্কুলে পরিচ্ছন্নতা অভিযান চালু করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) ডিএসসিসির আওতাধীন ৬৪৫টি মসজিদে জুমার খুতবায় এডিস প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার এবং মুসল্লিদের উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ করা হয়েছে।
ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা গুরুত্বপূর্ণ। তাই মসজিদভিত্তিক এ কার্যক্রম পরিচালনা শুরু করা হয়েছে।
এছাড়াও গত ১৩ ও ১৪ নভেম্বর ৫৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তালিকা অনুযায়ী ডেঙ্গু রোগীদের আবাসস্থল ও আশপাশের এলাকায় লার্ভা নিধন এবং মশা মারার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ডিএসসিসির তথ্য কর্মকর্তা জোবায়ের হোসেন জানান, ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জনগণকে সচেতন করাই এর মূল উদ্দেশ্য।










