নেত্রকোনায় এই লকডাউনের সময় পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার দায়ে দুই প্রতারককে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত দুই যুবকের মধ্যে মোবারকের বাড়ি নেত্রকোনার পূর্বধলায় ও আরাফাত রাব্বানীর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। 

লকডাউন প্রতারকদের কাছ থেকে একটি মোটর সাইকেল, হ্যান্ডকাপ, রিফ্লেক্টিং ভেল্ট, মোবাইল সেটসহ পুলিশের ব্যবহার্য গুরুত্বপূর্ণ উপকরণ উদ্ধার করেছেন গোয়েন্দারা।

নেত্রকোনা ডিবি পুলিশের পরিদর্শক শাহনূর এ আলম জানান, করোনা মহামারীতে লকডাউন সময়ে নেত্রকোনা সদর থানাসহ জেলার বিভিন্ন থানায় সন্ধ্যার পর বের হয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামাঞ্চলের দোকান ও পথচারীর কাছ থেকে জোর করে মোবাইল, নগদ টাকা নিয়ে যেতেন এই প্রতারকরা।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের নেত্রকোনা ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল হাসান বুধবার রাতে তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নেত্রকোনা পৌরসভার মোড় ও সাতপাই নদীর পাড় এলাকা থেকে দুই প্রতারক মোবারক ও আরাফাতকে আটক করে। এসময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহার্য হ্যান্ডকাপসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

নেত্রকোনা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর ইশতিয়াক আহাম্মেদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।