বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারত্বের প্রতিশ্রুতি বাস্তবায়নের উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে, যুক্তরাষ্ট্র দূতাবাসের প্যাসিফিক অগমেন্টেশন টিম (পিএটি) বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) বিভাগের কাছে পানি থেকে দ্রুত উদ্ধার এবং বিপজ্জনক পদার্থ থেকে (এইচএজেডএমএটি) সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছে।

যুক্তরাষ্ট্র দূতাবাস আটটি নৌকা, ১১০টি লাইফ ভেস্ট এবং অন্যান্য জরুরি উদ্ধার সরঞ্জাম প্রদান করেছে, যা প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াবে।

এছাড়াও, বিপজ্জনক পদার্থ থেকে সুরক্ষার জন্য ১২০টি ডিসপোজেবল কভারঅল এবং ১০০টি মেডিকেল ব্যাগ প্রদান করা হয়েছে। স্বাস্থ্য, নিরাপত্তা বা পরিবেশের জন্য বিপজ্জনক পদার্থ উপস্থিত থাকতে পারে এমন জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রথম সারির কর্মীদের সহায়তা করবে এসব সরঞ্জাম।

প্যাসিফিক অগমেন্টেশন টিম (পিএটি) এবং বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিগত পাঁচ বছর ধরে একসঙ্গে কাজ করছে। এর আগে তারা বহু মেডিকেল ফার্স্ট রেসপন্ডার সেমিনার এবং অন্যান্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডিন বলেন, এই অনুদান আমাদের স্থায়ী অংশীদারত্ব এবং দুর্যোগ প্রতিক্রিয়া ও জীবন রক্ষার প্রতি আমাদের অভিন্ন প্রতিশ্রুতির প্রমাণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফএসসিডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।