কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। আজ রবিবার বেলা সাড়ে ১২টায় ট্রান্সপোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় তারা। দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে মৌলবাদ বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় জাবি ছাত্রলীগের বিভিন্ন হলের প্রায় শতাধিক নেতাকর্মী।
সমাবেশে শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এম মাইনুল হুসাইন রাজন বলেন, বাংলার মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কোন অসম্মানজনক আচরণ আমরা মেনে নেব না। কোন অবস্থাতেই আমরা মৌলবাদী শক্তির কাছে মাথানত করে আমাদের স্বাধীনতা বিসর্জন দেব না। তারা আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে, কাল তারা গান বাজনা নিয়ে কথা বলবে, এরপর তারা আস্তে আস্তে সংস্কৃতি এবং নারী শিক্ষার অগ্রগতিতেও বাঁধা দেবে। তারা দেশটাকে আফগানিস্তান-পাকিস্তান বানানোর চেষ্টা করছে।
সমাবেশে থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং আগামী ৭ দিনের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ধরনের পরিস্থিতি তৈরির জন্য দায়ী মামুনুল হককেও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, আজিজুর রহমান লিলু, বায়েজিদ রানা কলিন্স, যুগ্ম-সম্পাদক আফফান হোসেন আপন, নাট্য ও বিতর্ক সম্পাদক রতন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আকলিমা আক্তার এশা, উপ-পাঠাগার ও সাহিত্য সম্পাদক শাহরুখ শাহরিয়ার সৌমিকসহ আরও অনেকে।










