পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুমতি ছাড়াই এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের দায়ে দুই শিক্ষককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল পরীক্ষা চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কালান্দিগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন। অভিযুক্ত শিক্ষকরা হলেন ওই মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান (৫৯) ও একই উপজেলার মাগুরমারি পমিজউদ্দিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান (৪১)। এ সময় তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, ওই কেন্দ্রে অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মিঠুন কুমার রায়, কেন্দ্র সচিব মো. আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ ফাজিল মাদ্রাসায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী গতকাল গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর দুই মাদ্রাসা শিক্ষক মোস্তাফিজুর রহমান ও মিজানুর রহমান ১৪৪ ধারা ভঙ্গ করে কেন্দ্রে প্রবেশ করেন। তারা কেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার একপর্যায়ে তাদের হাতেনাতে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ এবং হট্টগোল পরিবেশ তৈরির দায়ে দুই শিক্ষককে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা সাংবাদিকদের জানান, পরীক্ষা কেন্দ্রে অসৎ উদ্দেশ্যে হট্টগোল তৈরি করছিলেন ওই দুই শিক্ষক। এজন্য তাদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উপজেলার যে কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত ছাড়া কেউ এভাবে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।