কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার নূর মোহম্মদ শাহকে হত্যার ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ রায় দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন, সদর সাব রেজিস্ট্রার অফিসের পিয়ন, খোকসা উপজেলার মাঠপাড়া এলাকার আলী শেখের ছেলে ফারুক হোসেন (৩৮), কুমারখালী উপজেলার গাট্টিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও একই অফিসের নকলনবিশ সাইদুল ইসলাম (৩৭), কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট এলাকার গোলাম কিবরিয়ার ছেলে, মিরপুর সাব রেজিস্ট্রি অফিসের পিয়ন কামাল শেখ (৪০) এবং কুমারখালীর বানিয়াপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে মশিউল আলম (৪০)।

এছাড়া কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন ডাবলুকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ অক্টোবর রাতে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসায় নুর মোহম্মদ শাহকে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যা করে আসামিরা। কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার অফিসে চাকরির আগে তিনি জেলার খোকসা, মিরপুর ও কুমারখালী সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত অবস্থায় আসামিদের সাথে তার পরিচয় হয়। তাদের সাথে তিনি নানা ধরনের লেনদেন করতেন। লেনদেনের সূত্র ধরে আসামিদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এরজের ধরে হত্যার ঘটনা ঘটে। 

হত্যার পর দিন ৯ অক্টোবর নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে গত বছর ২০ মে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।