ক্রিকেট টুর্নামেন্ট কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন গেরুয়া এলাকার স্থানীয় লোকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গেরুয়া বাজারে সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনার জের ধরে গতকাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় স্থানীয়রা। এরপর মসজিদের মাইকে ‘এলাকায় ডাকাত পড়েছে, সবাই অস্ত্র নিয়ে বেরিয়ে আসুন’ ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয়রা। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচজন শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্রিকেট টুর্নামেন্ট কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করে ছাত্রদের ওপর হামলা চালানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ক্রিকেট খেলা কেন্দ্র করে মারামারির ঘটনার সূত্রপাত। কয়েকজন ছাত্র আহত হয়েছে, গেরুয়ার মেসগুলোতে ছাত্রদের আটকে রাখা হয়েছে।