ঈদের ছুটিতে গতকাল দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই মোটরসাইকেল আরোহী। এসব দুর্ঘনায় আহত হয়েছেন ৩ জন। সংশ্লিষ্ট থানার দায়িত্বশীল কর্মকর্তা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রংপুর : রংপুরে মাহেন্দ্রের ধাক্কায় শুভ রায় (২৪) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর সড়কের পাগলাপীর শলেয়াশাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ রায় রংপুর সদর উপজেলার লালচাঁদপুর গ্রামের দিলীপ চন্দ্র রায়ের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় মাহেন্দ্র চালককে চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। 

ঢাকা : বন্ধুদের সঙ্গে মাওয়া ঘাটে ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ খাইরুল হাসান দিহান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। গতকাল রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিহানকে ঢামেকে নিয়ে আসা মো. ইয়াহিয়া জানান, তারা জানতে পেরেছেন চারটি মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে মাওয়া ঘাটে বেড়াতে যাচ্ছিলেন দিহান। পথে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দিহানকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজন সেখানে চিকিৎসাধীন। তিনি আজানান, নিহত দিহান দনিয়া কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর মানিকনগর ওয়াশা রোডের ৬৬/বি নম্বর বাসার কামরুল হাসানের সন্তান।

মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. জানে আলম চৌধুরী (৭০) নিহত হয়েছেন। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের সুফিয়ারোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বীর মুক্তিযোদ্ধা মো. জানে আলম চৌধুরী মিরসরাই সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার মোজাফফর আলী চৌধুরী বাড়ি প্রকাশ নওশা মিয়া চেয়ারম্যান বাড়ির মৃত হাফেজ আহম্মদের ছেলে। মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদার বলেন, ‘এ ঘটনায় মোটরসাইকেল চালক ও মোটরসাইকেলে থাকা আরোহীও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

রাজশাহী : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আজিজুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। সকাল ১০টার দিকে কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজুল পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ভড়ুয়া গ্রামের আকানির ছেলে।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, বেলপুকুর থেকে একটি ট্রাক নিয়ে এসেছিলেন বেশ কিছু যুবক। ট্রাকে সাউন্ডবক্স ছিল। ট্রাকটিতে আজিজুল মাথা বের করে ছিলেন। এসময় রাজশাহীগামী একটি বাসের সঙ্গে তার মাথা বাড়ি খায়। দ্রুত তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ : পদ্মা সেতুতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ তৈয়ব আলী (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১১ ও ১২ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তৈয়ব আলী গোপালগঞ্জের কাশিয়ানী থানার বাগিয়া এলাকার মো. বেলায়েত শেখের ছেলে। তিনি মাইক্রোবাসচালক। 

মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর এএসএম জিয়াউল হায়দার জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় মিনিবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকেল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের বোয়ালখালী থানার পশ্চিম গোমদন্ডী এলাকার মো. মামুন (২২) ও মো. ইমরান (১৬)।

পটিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রশীদ বলেন, বিকেলে মনসার টেক এলাকায় যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক বাসটি জব্দ করেছি।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আরো দুজন আহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়ার মরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাঈম মিয়া (২১) ও মো. শরীফ মিয়া (২২)। নাঈম মিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের শহিদুল্লাহর ছেলে ও মো. শরীফ মিয়া পৌরসদর এলাকার লক্ষ্মীয়া গ্রামের আবু রায়হানের ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাঈম মিয়া নামের এক যুবক মারা গেছে। আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে মো. শরীফ মিয়া মারা যায়।

ফটিকছড়ি : ফটিকছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আপন দুই খালাতো ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরহাট দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলো, বাবুনগর এলাকার ওহিদুলের ছেলে আব্দুল্লাহ (১৫) ও দৌলতপুরের মো. ইউসুফের ছেলে মোস্তাকিম (১৩)। তারা দুজন আপন খালাতো ভাই। আহতের নাম রাহাত (১৫)।

নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, মোটরসাইকেলটি ইউটার্ন নেয়ার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে দুজন মারা যায়, তারা সম্পর্কে আপন খালাতো ভাই।

নাটোর : নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছেন। রাত ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, শুক্রবার রাত ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় একটি ট্রাক মানসিক প্রতিবন্ধী অজ্ঞাতপরিচয় ওই নারীকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

যশোর : যশোর শহরের চাঁচড়া বাজারে রাস্তার পাশে বেনাপোলগামী যাত্রীবাহী একটি বাসের চাপায় একজনের মৃত্যু হয়েছে। রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান চাঁচড়া বাজার মোড় এলাকার রবিউল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শী সুমন ও আরিফুজ্জামান নামে দুই যুবক জানান, হাসান রাস্তার পাশে একটি ট্রাক ঘেঁষে ভ্যান রেখে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর উঠে পড়ে। এতে ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘাতকবাসের চালক (ঢাকা মেট্রো-ব-১৪-৫৪৪২) চাঁচড়া চেকপোস্টে পৌঁছে গাড়ি রেখে পালিয়ে গেছে। বিক্ষুব্ধ জনতা বাসটি আটকে রাখে। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ বাসটি হেফাজতে নেয়।